আয়-ব্যয় বেড়েছে জাতীয় পার্টির

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০২:১৬ পিএম

জাতীয় পার্টি (জাপা) ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে। 

বুধবার (৩০ জুলাই) দুপুরে দলটির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদের কাছে অডিট রিপোর্ট হস্তান্তর করেন।

হিসাব অনুযায়ী, ২০২৪ সালে জাপার মোট আয় ২ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার ৯৩৮ টাকা এবং ব্যয় ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৪৪ টাকা। আয়ের প্রধান উৎস হিসেবে কর্মীদের চাঁদা, প্রকাশনা ও অনুদান দেখানো হয়েছে। অন্যদিকে, ব্যয়ের মধ্যে প্রচার কার্যক্রম, অফিস কর্মচারীদের বেতন ইত্যাদি অন্তর্ভুক্ত।

এ সময় রেজাউল ইসলাম ভূইয়া বলেন, জাপাকে আওয়ামী লীগের দোসর বলা অগ্রহণযোগ্য। বিএনপিও বিগত নির্বাচনে অংশ নিয়েছিল। যদি জাপাকে অবৈধ বলা হয়, তাহলে বিএনপিসহ অন্যান্য দলগুলোকেও একই দাবি করতে হবে। 

তিনি আরও জানান, আগামী নির্বাচনে সমতাপূর্ণ প্রতিযোগিতা নিশ্চিত হলে জাপা অংশ নেবে।

তিনি বলেন, আরপিও অনুযায়ী রাজনৈতিক দল নিবন্ধিত হয়। জাপা কোনো শর্ত লঙ্ঘন করেনি। এছাড়া, নির্বাচন কমিশনকে এখনই পক্ষপাতমূলক বলা যাবে না, কারণ তারা এখনও নির্বাচন পরিচালনা করেনি।

উল্লেখ্য, ২০২৩ সালে জাপার আয় ছিল ২ কোটি ২২ লাখ ২ হাজার ৪০৫ টাকা এবং ব্যয় ১ কোটি ১৩ লাখ ১৮ হাজার ৫২৫ টাকা। ২০২২ সালে আয় ২ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮ টাকা এবং ব্যয় ১ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা ছিল। ব্যাংকে স্থিতি ছিল ১ কোটি ৭ লাখ ৭৭ হাজার ৪২৬ টাকা। অর্থাৎ, ২০২৪ সালে দলটির আয় ও ব্যয় উভয়ই বৃদ্ধি পেয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত