১২ দিনের যুদ্ধে ইরান তার শক্তি দেখিয়েছে: খামেনি

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৮:৩৪ পিএম

ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি বলেছেন, ইহুদিবাদী শাসনের চাপিয়ে দেওয়া ১২ দিনের আগ্রাসী যুদ্ধে বিশ্ব ইরানের শক্তি, স্থিতি, সংকল্প এবং সুসজ্জিত অবস্থান দেখেছে।

মঙ্গলবার তেহরানের হোসাইনিয়ায় এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে ইসরায়েলি হামলায় শহীদ হওয়া ইরানি নাগরিক, সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের শাহাদতের চল্লিশতম দিন পালন করা হয়।

খামেনি সাম্প্রতিক যুদ্ধকে ইসলামি প্রজাতন্ত্রের ইচ্ছাশক্তি ও ক্ষমতার প্রতিফলন এবং শক্তিশালী ভিত্তির প্রকাশ হিসেবে বর্ণনা করেন।

আক্রমণকারীদের শত্রুতার মূল কারণ হিসেবে ইরানি জাতির ঈমান, জ্ঞান এবং ঐক্যের প্রতি তাদের বিরোধিতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আল্লাহর কৃপায় ইরানি জাতি তাদের ধর্মীয় বিশ্বাস মজবুত করা এবং জ্ঞানের নানামুখী শাখা বিস্তারের পথ কখনোই পরিত্যাগ করবে না। শত্রুদের হতাশ করার মাধ্যমে উন্নয়নের চূড়ায় ও মর্যাদার শীর্ষে পৌঁছে যাবে ইরান।’

শহীদ কমান্ডার, বিজ্ঞানী ও সাধারণ মানুষের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আয়াতুল্লাহ খামেনি বলেন, ‘এই ১২ দিনের যুদ্ধে যা ঘটেছে তাতে শুধু ইরানি জাতির জন্য নয়, গোটা বিশ্ব দেখেছে—ইরানিরা তাদের শক্তি, সংকল্প, অটলতা ও সক্ষমতা প্রকাশ করেছে। তারা ইরানের ক্ষমতা কাছ থেকে দেখতে পেয়েছে।’

তিনি আরও বলেন, এই যুদ্ধের অন্যতম প্রধান ফলাফল হলো ইরানের অতুলনীয় শক্তির স্পষ্ট প্রকাশ। এই ঘটনাগুলো ইরানের জন্য নতুন কিছু নয়। গত ৪৫ বছরের বেশি সময়ে, ৮ বছরের আরোপিত যুদ্ধসহ নানা রকম ষড়যন্ত্র, উস্কানি, সামরিক, রাজনৈতিক ও নিরাপত্তাগত হামলার মধ্য দিয়ে আমরা পার হয়েছি।

তিনি বলেন, ‘পরমাণু ইস্যু, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, মানবাধিকার ইত্যাদি নিয়ে পশ্চিমাদের আলাপ কেবলই অজুহাত। তাদের রাগ এই জন্য যে ইরান নতুন নতুন চিন্তা ও জ্ঞান তৈরি করছে—তা মানবিক বিজ্ঞান হোক, প্রযুক্তিগত বা ধর্মীয় বিজ্ঞান হোক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত