ভিক্ষাবৃত্তি নিরসনের উদ্যোগ, ৩ ভিক্ষুক পেল বাছুরসহ গাভী-নগদ অর্থ

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১০:০৮ পিএম

ভিক্ষাবৃত্তি নিরসনে সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়। উদ্যোগের অংশ হিসেবে তিনজন ভিক্ষুককে গরু-বাছুর ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলা সমাজসেবা কার্যালয় এই সহায়তা প্রদান করেন।

বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের সভাপতিত্বে উপকারভোগীদের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়। এসময় উপকারভোগীরা আর ভিক্ষা না করার অঙ্গিকার করেন।

এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ওহাদির রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় চলমান ভিক্ষুকমুক্ত কর্মসূচির অংশ হিসেবে উপজেলার তালিকাভুক্ত তিনজন ভিক্ষুককে একটি করে গাভী ও বাছুর, সঙ্গে প্রত্যেককে ১৪ হাজার করে নগদ টাকা সহায়তা প্রদান করা হয়।

উপকারভোগীরা হলেন-উচাখিলা ইউনিয়নের মরিচারচর গ্রামের মোছা. ফালানী বেগম, মগটুলা ইউনিয়নের তরফ পাছাইল গ্রামের মোছা. হাজেরা খাতুন, জাটিয়া ইউনিয়নের মালিয়াটি গ্রামের মো. আবুল হোসেন।

উচাখিলা ইউনিয়নের উপকারভোগী ফালানী বেগম বলেন, ভিক্ষা করে খাওয়া কষ্টকর। এখন গরু পালব, দুধ বেচে চলব। সরকার যা দিছে, তাতে বাঁচার ভরসা হইছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, আমরা চাই তাদের মধ্যে কারও যেন ভিক্ষা করতে না হয়। তাদের কাজের সুযোগ করে দিতে সমাজসেবা অধিদপ্তর থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত