ইসরায়েলকে ২১ শতকের নাজি বললেন ইরানের স্পিকার

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১০:৫৫ পিএম

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাকের কালিবাফ গাজায় দখলদার ইহুদিবাদী শাসনের ভয়াবহ বর্বরতা এবং ইরানের ওপর চালানো আগ্রাসী যুদ্ধের তীব্র নিন্দা জানিয়ে বলেন, একবিংশ শতাব্দীর নাজিদের থামানো না গেলে মানবতা ভয়ঙ্কর বিপর্যয়ে পড়বে।

কালিবাফ বলেন, ইহুবাদীরা এখনকার যুগের নাজি। তাদের অবশ্যই থামাতে হবে, নইলে মানবতা চিরতরে নির্যাতনের ঘূর্ণিতে ডুবে যাবে।

জেনেভায় অনুষ্ঠিত ষষ্ঠ বিশ্ব সংসদীয় সম্মেলনে ভাষণ দিতে গিয়ে কালিবাফ বলেন, বিশ্বের নানা অঞ্চলের শীর্ষস্থানীয় সংসদ সদস্যরা আজ একত্র হয়েছেন মানবজাতির বিরুদ্ধে চলমান আগ্রাসনের বিপরীতে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে।

তিনি বলেন, গাজায় একটি ভয়াবহ বিপর্যয় ঘটছে, যা ইতিহাসের অন্ধকারতম অধ্যায়ের সঙ্গেই তুলনীয়। আমরা একুশ শতকের নাজিদের উত্থান প্রত্যক্ষ করছি। এমন একটি শাসনব্যবস্থা, যারা ঠাণ্ডা মাথায় পূর্বপরিকল্পিত নিষ্ঠুরতার মাধ্যমে এমন এক আগ্রাসন চালাচ্ছে যা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর দুঃস্বপ্ন থেকে সৃষ্ট বলেই মনে হয়।

তিনি গাজায় চলমান যুদ্ধের মূল কারণ, পরিণতি এবং প্রভাব সঠিকভাবে বিশ্লেষণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং বলেন, সঠিক পদক্ষেপ নিয়ে এ সংকটের সমাধানে এগিয়ে আসা দরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত