বাগেরহাটে আসন কমানোর প্রতিবাদে ক্ষুব্ধ রাজনৈতিক দলের নেতারা

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৪:১৫ পিএম

নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে দেওয়ার খসড়া অনুমোদন দেয়ায় ফুঁসে উঠেছে বাগেরহাটের বিভিন্ন রাজনৈতিক দল। আসন কমানোর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করে দলের নেতাকর্মীরা।

পরে সংবাদ সম্মেলন থেকে নির্বাচন কমিশনের বাগেরহাটের একটি আসন কমানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে আগামী দুইদিনের কর্মসূচি ঘোষণা করে রাজনৈতিক দলগুলো। কমিশন অবিলম্বে ওই সিদ্ধান্ত থেকে সরে না আসলে আগামীতে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনগুলো।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকারাম হোসেন তালিম সব রাজনৈতিক দলের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন। এর আগে তারা জেলা বিএনপির কার্যালয়ে সর্বদলীয় সভা করে নির্বাচন কমিশনের আসন কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে জরুরি সভা করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-কৃষিবিষয়ক সম্পাদক শামীমুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকারাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জামায়াত ইসলামীর জেলা আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি জেনারেল ইউনুস আলীসহ ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস ও জাসদের নেতৃবৃন্দ।

বুধবার নির্বাচন কমিশন বাগেরহাটের আসন কমিয়ে আনার খসড়া অনুমোদনের ঘোষণার খবর আসার পর ফুঁসে ওঠে বাগেরহাটের মানুষ।

সংবাদ সম্মেলনে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকারাম হোসেন তালিম বলেন, বাগেরহাট জেলায় চারটি সংসদীয় আসন ছিল। এই চারটি আসন থেকে একটি বাদ দিয়ে তিনটি আসন করার প্রস্তাবনা নির্বাচন কমিশন দিয়েছে বলে জানতে পেরেছি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইসির এমন সিদ্ধান্ত জানার পর বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে সর্বদলীয় সভা করে আগামী দুইদিন কর্মসূচি পালনের ঘোষণা করছি। আগামী শনি ও রবিবার বাগেরহাট-খুলনা মহাসড়কের শহরের দশানী ট্রাফিক মোড়ে বিক্ষোভ সমাবেশ করা হবে। দাবি মেনে না নেওয়া হলে আগামীতে আবারও নতুন কর্মসূচি দেওয়া হবে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-কৃষি বিষয়ক সম্পাদক শামীমুর রহমান বলেন, ১৯৭০ সালের পর থেকে বাগেরহাটের চারটি সংসদীয় আসন রয়েছে। বাগেরহাট ঐতিহাসিক জেলা। বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ, ম্যানগ্রোভ সুন্দরবন, দেশের দ্বিতীয় বৃহত্তম মোংলা সমুদ্র বন্দর রয়েছে। এটি একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে পরিচিত। জাতীয় অর্থনীতিতে এই জেলা ভূমিকা রেখে চলেছে। নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসন থেকে একটি বাদ দিয়ে দেওয়ায় বাগেরহাটের লক্ষলক্ষ মানুষ ফুঁসে উঠেছে। তাদের এই সিদ্ধান্ত আত্মঘাতী, আগুন নিয়ে খেলার শামিল। তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসলে বৃহত্তর কর্মসূচি দিয়ে বাংলাদেশকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন এই নেতা।

জামায়াত ও বিএনপি নেতারা বলেন, আমরা বাগেরহাটের একটি আসন বাদ দেওয়ার বিরুদ্ধের দাবিতে সবাই ঐক্যবদ্ধ। এখানে কোনো মতপার্থক্য থাকবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে সোচ্চার থাকার ঘোষণা তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত