শাহবাগে আজও জুলাই যোদ্ধাদের অবস্থান

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১১:৪২ এএম

জুলাই সনদ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে টানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ‘জুলাই যোদ্ধারা’। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি শুক্রবার (১ আগস্ট) সকালেও চলছে। এদিন সকালে শাহবাগে এমন চিত্র দেখা গেছে।

শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা সড়কের ওপর ত্রিপল বিছিয়ে অবস্থান করছেন। আর অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে একের পর এক বক্তব্য দিচ্ছেন। একইসঙ্গে সড়কের চারদিকে তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন। এ কারণে ওই এলাকায় বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে।

 

এ সময় জুলাই যোদ্ধারা বলছেন, এখনও জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এ দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে শাহবাগ মোড় অবরোধ রেখে বিক্ষোভ শুরু করেন ‘জুলাই যোদ্ধারা’। এ সময় ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘চব্বিশের চেতনা বৃথা যেতে দেব না’, ‘অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’—স্লোগান দিতে শোনা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত