ঝড়ো হাওয়ার পূর্বাভাসে নদীপথে সতর্কবার্তা জারি

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১২:০৪ পিএম

ঢাকাসহ দেশের ১২টি জেলায় আজ শুক্রবার ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ভোর ৫টা থেকে দুপুর পর্যন্ত দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দর পূর্বাভাসে এ সতর্কতা জানানো হয়েছে। পূর্বাভাসে স্বাক্ষর করেছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এসব অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরকে এক নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অর্থাৎ ঝড়ের ঝুঁকিতে নৌযান চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

আবহাওয়াবিদদের মতে, দমকা হাওয়াটি দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হতে পারে।

সতর্ক বার্তায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযান ও যাত্রীরা যেন নিরাপদে অবস্থান নেন। পাশাপাশি খোলা মাঠ কিংবা উঁচু গাছের নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত