জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাতিলের দাবিতে ‘লাল কার্ড সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মমশির’ ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দাবি করেন, জাতিসংঘের মানবাধিকার কমিশন দেশের মূল্যবোধ, স্বার্থ ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশ কোনো যুদ্ধবিধ্বস্ত দেশ নয় যে, সেখানে মানবাধিকার কমিশনের কার্যালয় থাকতে হবে।
হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৯-২০ সেশনের আসিফ রায়হান বলেন, ‘বাংলাদেশে কোনোভাবেই জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে কোনো ভুয়া কমিশন প্রতিষ্ঠিত হওয়া উচিত নয়। অথচ ইউনূস সরকার অতি দ্রুত এটির অনুমোদন দিয়েছে, যা আমরা দ্রুত বাতিলের দাবি জানাই।’
তিনি আরও বলেন, বর্তমানে অন্তর্বর্তী সরকারই সবচেয়ে বেশি জনসমর্থন পাওয়া সরকার। জুলাইয়ের পর থেকে জনগণ সবচেয়ে বেশি আস্থা রেখে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। অথচ ড. ইউনূস মিথ্যা ‘জঙ্গি মামলা’ দিয়ে দেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত ও ব্যস্ত রেখে চুপিসারে এই কমিশনের অনুমোদন দিয়ে দিয়েছে। আমরা এই মানবাধিকার কমিশনকে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে প্রত্যাখ্যান করছি।
মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী নাজমুল সাহা শিবলু বলেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থা এটি কোনো মানবাধিকার সংস্থা নয় এটি একটি কুকুরের সংগঠন যেখানে কুকুর মরলে সমবেদনা জানানো হয় এবং মানুষ মারা গেলে কোনো সমবেদনা প্রকাশ করা হয় না।
এ সময় তারা ‘দালালি না মুক্তি, মুক্তি, মুক্তি’, ‘দিল্লি না ঢাকা-ঢাকা, ‘ওয়াশিংটন না ঢাকা, ঢাকা ঢাকা’ এসব স্লোগান দেন এবং হাতে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে সমাবেশ শেষ করেন।
