বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
আগামীকাল শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৭টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার অস্ত্রোপচার হবে। কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবির এই সার্জারি তত্ত্বাবধান করবেন।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান। তিনি বলেন, আমিরের ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত পরিবার ও দলীয়ভাবে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গত ১৯ জুলাই এক সমাবেশে অসুস্থ হয়ে পড়ার পর ডা. শফিকুর রহমানকে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ৩০ জুলাই ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে তার এনজিওগ্রাম করা হলে হার্টের আর্টারিতে পাঁচটি ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা তাকে বিদেশে চিকিৎসার পরামর্শ দিলেও তিনি দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন।
পরওয়ার আমিরের সুস্থতার জন্য সবাইকে দোয়া করার অনুরোধ জানান এবং শনিবার হাসপাতালে ভিড় না করে বাড়িতে থেকে দোয়া চাওয়ার আহ্বান জানান। এ সময় দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানও আমিরের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
