মার্কিন নিষেধাজ্ঞায় ভারতগামী রুশ তেলবাহী জাহাজগুলোর গন্তব্য পরিবর্তন

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৯:৩৫ এএম

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে ভারতে রপ্তানির উদ্দেশ্যে যাত্রা করা অন্তত দুটি তেলবাহী জাহাজ তাদের গন্তব্য পরিবর্তন করেছে বলে বাণিজ্যিক সূত্র ও এলএসইজি ট্রেড ফ্লো ডেটা জানিয়েছে।

গত সপ্তাহে মার্কিন ট্রেজারি বিভাগ ইরান-সংযুক্ত ১১৫টিরও বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর মধ্যে কয়েকটি জাহাজ রুশ তেল পরিবহনে যুক্ত রয়েছে বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যান্য দেশকে মস্কো থেকে তেল কেনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি হুঁশিয়ার করে বলেন, রাশিয়া যদি ইউক্রেন ইস্যুতে একটি উল্লেখযোগ্য শান্তি চুক্তিতে না আসে, তাহলে রুশ তেলের ওপর ১০০% শুল্ক আরোপ করা হবে।

সূত্রের বরাতে রয়টার্স জানায়, চলতি মাসে তিনটি জাহাজ— আফ্রাম্যাক্স শ্রেণির ট্যাগর ও গুয়ানইন এবং সুয়েজম্যাক্স শ্রেণির ট্যাসোস রাশিয়া থেকে ভারতে তেল সরবরাহের জন্য নির্ধারিত ছিল। কিন্তু তিনটি জাহাজই এখন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

ট্যাগর ভারতের পূর্ব উপকূলে চেন্নাই বন্দরের দিকে যাচ্ছিল, আর গুয়ানইন ও ট্যাসোস পশ্চিম ভারতের বন্দরগুলোর দিকে যাচ্ছিল বলে বাণিজ্যিক সূত্র ও রুশ বন্দর তথ্য জানিয়েছে।

ভারতে প্রভাব পড়ছে রুশ তেল সরবরাহে
রয়টার্স বলছে, রাশিয়ার তেল বিক্রির মাধ্যমে ইউক্রেন যুদ্ধের জন্য অর্থ সংগ্রহের পথ বন্ধ করতে পশ্চিমা দেশগুলোর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা ভারতের রুশ তেল আমদানিতেও ক্রমশ প্রভাব ফেলছে। বর্তমানে ভারত তার মোট তেলের প্রায় এক-তৃতীয়াংশ রাশিয়া থেকে সরবরাহ করে।

ট্যাসোস ও ট্যাগর-এর সঙ্গে যুক্ত জুলু শিপিং, এবং গুয়ানইন-এর মালিক সিলভার টেট্রা মেরিন– উভয় প্রতিষ্ঠানই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এবং তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘গুয়ানইন ও ট্যাসোস—এই দুটি জাহাজই আমাদের কাছে আসছে না।’ তবে আগেও রিলায়েন্স গুয়ানইন থেকে তেল কিনেছে বলে জানা গেছে।

এদিকে, অ্যাকিলিস ও ইলাইট নামের আরও দুটি জাহাজ রুশ ‘ইউরালস’ গ্রেডের তেল নিয়ে রিলায়েন্সের জন্য ভারতে আগমন প্রস্তুত করছে বলে এলএসইজি ডেটায় দেখা গেছে। এই দুটি জাহাজ বর্তমানে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

ভারত ইউরোপীয় নিষেধাজ্ঞার সমালোচনা করে জানিয়েছে, এই নিষেধাজ্ঞা তাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত