বাংলাদেশের যেকোনো বিষয়ে ভারত বিশেষভাবে সতর্ক। বাংলাদেশের ওপর নিবিড় নজর রাখছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।
লোকসভায় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
লোকসভার বর্ষাকালীন অধিবেশনে বিজেপির এক সাংসদ প্রশ্ন তোলেন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সালতানাত-ই-বাংলা’ নামের একটি ইসলামপন্থী গোষ্ঠীর ‘গ্রেটার বাংলাদেশ’ নামে একটি মানচিত্র প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে। ওই মানচিত্রে ভারতের বেশ কয়েকটি রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে।
প্রশ্নকারী সাংসদ দাবি করেন, তুরস্কভিত্তিক সংগঠন ‘তার্কিশ ইউথ ফেডারেশন’ এই গোষ্ঠীকে সমর্থন করছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান জানতে চাওয়া হয়।
জয়শঙ্কর জবাবে বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে এ নিয়ে যোগাযোগ করা হয়েছে। ঢাকা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ইতিহাসভিত্তিক প্রদর্শনী হয়েছিল। সেখানে মধ্যযুগের বাংলার একটি মানচিত্র দেখানো হয়েছিল। আয়োজকদের দাবি, কোনো বিদেশি গোষ্ঠীর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
বাংলাদেশ সরকারও জানিয়েছে, ‘সালতানাত-ই-বাংলা’ নামে কোনো সংগঠন দেশটিতে নেই।
পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ভারতের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
