হুমকির পর রাশিয়া থেকে ভারতের তেল কেনা বন্ধ, ট্রাম্প বললেন ‘ভালো পদক্ষেপ’

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০১:২২ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বুধবার (৩০ জুলাই) এমনটি জানিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স।

ভারতের এমন সিদ্ধান্তকে ভালো পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমি শুনেছি ভারত আর রাশিয়া থেকে তেল কিনছে না। আমি জানি না এটা সত্য কিনা, কিন্তু এটা একটা ভালো পদক্ষেপ। দেখা যাক কী হয়।’

শুক্রবার হোয়াইট হাউস থেকে নিউ জার্সির বেডমিনস্টার গলফ ক্লাবে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।

তবে ট্রাম্প অভিযোগ করে বলেন, ভারত ‘প্রতারণামূলক বাণিজ্য’ করছে এবং রাশিয়ার সঙ্গে শক্তিশালী জ্বালানি ও প্রতিরক্ষা সম্পর্ক বজায় রেখেছে।

উল্লেখ্য, গত ১৪ জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘যেসব দেশ রাশিয়া থেকে তেল কিনবে, তাদের বিরুদ্ধে ১০০% শুল্ক আরোপ করা হবে— যদি না রাশিয়া ইউক্রেনের সঙ্গে বড় ধরনের শান্তিচুক্তিতে পৌঁছায়।’

এদিকে ট্রুথ সোশ্যালে-এ বুধবার ট্রাম্প লিখেন, ‘এই কারণে, ভারতকে ২৫% শুল্ক দিতে হবে, সঙ্গে অতিরিক্ত একটি জরিমানা, যা আগস্টের ১ তারিখ থেকে কার্যকর হবে।’

যদিও ট্রাম্প ওই ‘জরিমানা’-র নির্দিষ্ট বিবরণ দেননি, তিনি ভারতের উচ্চ শুল্ক ও রাশিয়ার সঙ্গে সম্পর্ককে কটাক্ষ করেন।

তিনি বলেন, ‘ভারত আমাদের বন্ধু, কিন্তু আমরা বহু বছর ধরে খুব সামান্য ব্যবসা করেছি, কারণ ওদের শুল্ক হার অত্যন্ত বেশি — বিশ্বের মধ্যে সর্বোচ্চগুলোর একটি।’

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে বেশ বড় ঘাটতি রয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতরের তথ্য অনুযায়ী, দুই দেশের এ ঘাটতির পরিমাণ ৪৫.৭ বিলিয়ন ডলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত