নাটোর চিনিকলে নিরাপত্তা কর্মীদের বেঁধে রেখে রাত ভর দুর্র্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় চিনিকলের ভিতরে থাকা বিয়ারিং, তামা জাতীয় দ্রব্যাদি, ওয়ার্কশপ, মিলহাউজসহ বিভিন্ন অফিসের মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। শনিবার (০২ আগস্ট) হুগোলবাড়িয়া এলাকায় চিনিকলে রাত ১.৩০ হতে ভোর ৪.৩০ টা পর্যন্ত এই ঘটনা ঘটে।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান জানান, গতরাতে নাটোর চিনিকলে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের বেঁধে রেখে মালামাল ডাকাতি করে নিয়ে যায়। প্রায় এক কোটি টাকার মালামাল নিয়ে গেছে বলে তিনি জানান।
নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে পরিদর্শন করেছি। প্রযুক্তিগত কিছু ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি। এবং তাদের অভ্যান্তরীণ লোকজনের সম্পৃক্ততা রয়েছে কি না এ বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছি।
তিনি আরও বলেন, “এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা দ্রুত বের করতে সক্ষম হবো আমরা। এ ঘটনায় কয়েকজনকে হেফাজতে নিয়েছি। পরবর্তীতে আপনাদের বিস্তারিত জানাবো।”
