শীর্ষ বাছাই গফকে হারিয়ে চমক এমবোকোর

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৭:০৩ পিএম

কানাডিয়ান ওপেনে ক্যারিয়ারের সবচেয়ে বড় চমক উপহার দিলেন ভিক্টোরিয়া এমবোকো। শীর্ষ বাছাই কোকো গফকে সরাসরি সেটে হারিয়ে কোয়ার্টারফাইনালে উঠেছেন স্বাগতিক এই টিনএজার।

মন্ট্রিয়ালে শেষ ষোলোর ম্যাচে দুবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী গফকে দাঁড়াতেই দেননি ১৮ বছর বয়সী এমবোকো। ৬-১, ৬-৪ গেমে জয় পেয়েছেন মাত্র ৬২ মিনিট সময়ে। র‌্যাঙ্কিংয়ের ৮৫ নম্বরে থেকে কানাডিয়ান ওপেন শুরু করেন এমবোকো। গফের বিপক্ষে জয়ে এক লাফে তিনি উঠবেন ৫৩তম স্থানে। ওয়াইল্ড কার্ড পেয়ে মূল ড্রয়ে জায়গা করে নেওয়া এমবোকো চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে কেবল একটি সেট হেরেছেন। বাকি তিন ম্যাচই জিতেছেন সরাসরি সেটে।

দারুণ জয়ের পর এমবোকো বলেন, 'বিশেষ করে এত বেশি মানুষের সামনে খেলা হওয়ায়, যতটা সম্ভব আমি লক্ষ্যে স্থির থেকে শান্ত থাকার চেষ্টা করেছি। আমার জন্য এটা অনেক বড় একটা অভিজ্ঞতা।' গেল মে মাসে রোমে গফ হারিয়েছিলেন এমবোকোকে।

এমবোকোর পরিবার ডমিনিক রিবাপলিক অব কঙ্গোর রাজনৈতিক অস্থিরতার সময় পাড়ি দেন যুক্তরাষ্ট্রে। এমবোকোর জন্ম যুক্তরাষ্ট্রেই। তার জন্মের পর পরিবার চলে যায় কানাডায়। সেখানে বয়স ৩-৪ এর সময় টেনিসে হাতেখড়ি। এমবোকোরা চার বোন, চার জনই টেনিস খেলেন। এমবোকো সবার ছোট।

র‌্যাঙ্কিংয়ে ৩৩৩ নম্বরে থেকে এই বছর শুরু করে দ্বিতীয় সারির আইটিএফ ট্যুরে পাঁচটি শিরোপা জয় করেন এমবোকো। সেই জয়ের পথে কোনো সেট না হেরে টানা ২২ ম্যাচ জেতেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত