পররাষ্ট্র উপদেষ্টা

পাসপোর্ট দুর্বল হওয়ার জন্য আমরাই দায়ী

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৬:০১ পিএম

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, প্রকৃত অপরাধীদের শাস্তি না দিলে সবুজ পাসপোর্টধারী বাংলাদেশিদের ভোগান্তি কমানো সম্ভব নয়। তিনি বলেন, পাসপোর্ট দুর্বল হওয়ার জন্য আমরাই দায়ী। দেশের অভ্যন্তরীণ অস্থিরতার প্রভাব বিদেশে থাকা প্রায় দেড় কোটি প্রবাসীর ওপর পড়ে।

সোমবার (৪ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের সেবা দিতে পারছে না। বিদেশে বাংলাদেশি মিশনগুলোর সীমাবদ্ধতার কারণে চেষ্টা করেও সেবা নিশ্চিত করা সম্ভব হয় না। তবে মিশনগুলোর সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা চলছে।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, এই আন্দোলন দেশ ও জাতির অধিকার আদায়ের পথ সুগম করেছে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় এটি অনুপ্রেরণা হয়ে থাকবে। তরুণ প্রজন্মের আত্মত্যাগ বাংলাদেশকে বিশ্বে অনুকরণীয় করে তুলবে।

নির্বাচনে কারচুপি নিয়ে তিনি বলেন, ১৯৭৩ সাল থেকে নির্বাচনে কারচুপি শুরু হয়েছে। এ পর্যন্ত মাত্র চারটি নির্বাচনে জনগণের ইচ্ছা প্রতিফলিত হয়েছে, বাকিগুলোতে তা হয়নি।

পররাষ্ট্র উপদেষ্টা আরো জানান, গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা ও মুক্তিযুদ্ধ-পরবর্তী পাওনা আদায়ের বিষয়টি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরে আলোচনা করা হবে।

তিনি জানান, শেখ হাসিনাকে ফেরত দেবার ব্যাপারে এখনো পর্যন্ত ভারত কিছুই জানায়নি। সরকার চাইলে আন্তর্জাতিক সহায়তা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত