মধ্যরাতে খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০১:৪৯ এএম

কাপ্তাই হ্রদের পানি বিপদ সীমার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়  কাপ্তাই বাঁধের জলকপাটের ১৬টি গেটের সবগুলো ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপদসীমায় পৌঁছে যাওয়ায় সোমবার (৪ আগস্ট) মধ্যরাতে  গেটগুলো খুলে দেওয়া হয়।

কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেছেন, বাঁধের গেট সবশেষ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল নয়টায় খোলার সময় নির্ধারণ করা হলেও রাতেই হ্রদের পানির উচ্চতা ১০৮ এমএসএল (মিনস সি লেভেল) অতিক্রম করেছে। যা বিপদসীমার কাছাকাছি হওয়ায় উজান ও ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণে সোমবার দিবাগত রাত ১২.০২ মিনিটে স্পিলওয়ের ১৬টি গেট ছয় ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হয়। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। পানি ছাড়ার কারণে ভাটি এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলেছেন তিনি। হ্রদের পানি সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।

ব্যবস্থাপক আরও জানান, বর্তমানে হ্রদের ইনফ্লো ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো বেশি হলে অর্থাৎ পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেলে স্পিলওয়ের (জলকপাট) গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।

এদিকে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে প্রতি সেকেন্ডে কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে আরও ৩২ হাজার কিউসেক পানি নির্গত হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে মোট ৪১ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত