সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে গতকাল সোমবার (৪ আগস্ট) সকাল ১০টায় বৃষ্টির মধ্যে মহাসড়ক অবরোধ করে পথনাটক ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এর সামনে পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি ও পথনাটকের মাধ্যমে প্রতিবাদ জানান। এদিন সকাল ১০টায় এই কার্যক্রম আরম্ভ হয়ে দুপুর ১২ টা পর্যন্ত চলে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পরে শত শত মানুষ।
উল্লেখ্য, এই পাবলিক বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৎসামান্য অঙ্কের ডিপিপি অনুমোদন না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের দাবি, হতাশা ও ক্ষোভের কথা জানিয়ে আসছেন। গত ২৬ জুলাই ২০২৫ শনিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছেন। সমস্ত শর্তপূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহের পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি’র অনুমোদন কেন হচ্ছে না। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হতাশ করেছে। এই পাবলিক বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও বার বার ডিপিপি পরিবর্তন করে মাত্র ৫ শত ১৯ কোটি ১৫ লাখ টাকার ডিপিপি বরাদ্দ সরকার কেন দিচ্ছে না তা নিয়ে সচেতন মহলে আলোচনা-সমালোচনা হচ্ছে।
আন্দোলনকারীরা জানান , আগামী ৬ আগস্ট বুধবার অবস্থান কর্মসূচি ও শিকলভাঙার গান ও ৭ আগস্ট বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি ও অর্ধবেলা প্রশাসনিক কর্মবিরতি এবং ১০ আগস্ট রবিবার পূর্ণবেলা প্রশাসনিক কর্মবিরতি, আলোচনা, সেমিনার ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
এ দিকে ঢাকাগামী বাস যাত্রী মহসিন আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি অসুস্থ মাকে নিয়ে ঢাকায় যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলনে তিনি প্রায় দেড় ঘণ্টা শাহজাদপুরে দিলরুবা বাসষ্ট্যান্ডে আটকা পড়ে আছেন। পথ আটকিয়ে যারা দাবী আদায়ে রাস্তা অবরোধ করেছে কাজটা তারা মোটেও সঠিক করেননি। দাবী আদায় মানুষের দুর্ভোগ হতে পারেনা।
সখীপুরে তিন বাড়ি থেকে ৬ গরু চুরি
জনতার আদালতে প্রকাশ্যে হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর