ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল ল্যাবে আগুন, ১৫ শিক্ষার্থী আহত

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৪:১৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে সাইন্স ল্যাবে আগুনের ঘটনায় অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার দুপুরে ল্যাবে বিদ্যুতের সংযোগ দিতে দিয়ে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী অষ্টম শ্রেণির ছাত্র আকাশ বলেন, স্কুলের তৃতীয় তলায় আমরা সকল ক্লাসের ছাত্রছাত্রীরা মিলে একটি প্রজেক্ট বানাচ্ছিলাম। প্রজেক্টের ল্যাব চালু করতে গিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় হঠাৎ আগুন লেগে যায়। আগুন দেখে ছাত্রছাত্রীরা দৌড়ঝাঁপ করে নামতে গিয়ে আহত হয়।

নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জামাল উদ্দিন বলেন, কয়েকদিন পর জেলায় বিজ্ঞান মেলা হবে। ছাত্রছাত্রীরা স্কুলের তৃতীয় তলায় প্রজেক্ট বানাচ্ছিল। ল্যাবে কাজ করার সময় ভুলবশত আগুন লেগে যায়। ছাত্রছাত্রীরা আগুন আগুন বলে চিৎকার করছিল। এমন সময় দৌড়ঝাঁপ করে বের হতে গিয়ে সিঁড়ির রেলিং ভেঙে যায়। ছাত্রছাত্রীরা একজনের ওপর আরেকজন পড়ে গেলে কয়েকজন আহত হয়। আহতদের হাসপাতালে নেয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল হক বলেন, আমরা সকল শিক্ষকরা ছাত্রছাত্রীদের নিয়ে হাসপাতালে এসেছি। কীভাবে আগুন লেগেছে আপাতত বলা যাচ্ছে না।

হাসপাতালের মেডিকেল অফিসার মো. সামিউল হুদা বলেন, আহতদের মধ্যে সাকেরা আক্তার সৌমিয়া (১৩), বারিয়া সুলতানা (১৫), তানজিনা আক্তার (১৪), নূহা ইসরাত (১৪), ফারিয়া আক্তারকে (১৪) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া উন্নত চিকিৎসার জন্য রোহান (১৫) নামে এক শিক্ষার্থীকে ঢাকায় পাঠানো হয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, শিক্ষার্থীরা আতংকিত হয়ে ১৫ জনের মত আহত হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটেছে আপাতত বলা যাচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত