নেত্রকোনার মোহনগঞ্জে ৩৬ ঘণ্টা পর বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার বিকাল ৩টায় ডুবে যাওয়া নৌকার ভেতর থেকে নিখোঁজ শ্রমিকদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ডুবুরি দল।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, মঙ্গলবার সকাল থেকেই ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে চেষ্টা শুরু করেন। নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার কাজে কিছুটা বিঘ্নিত হচ্ছিল, পরে ধোবাউড়া থেকে আরেকটি উদ্ধারকারী দল এসে উদ্ধার কার্যক্রমে যোগ দেয়। পরবর্তীতে ড্রেজার দিয়ে বালুবাহী নৌকার ভেতরে থাকা বালু সরানো হলে বালুর নিচে থেকে নিখোঁজ দুইজনের মরদেহ পাওয়া যায়।
উল্লেখ্য, গত সোমবার রাতে জেলার পূর্বধলা থেকে বালুবাহী নৌযানটি মোহনগঞ্জের আদর্শনগরের উদ্দেশ্যে যাওয়ার সময় আদর্শনগরের কাছাকাছি ধলাই নদীতে প্রবল স্রোতের টানে তলিয়ে যায়। এ সময় নৌযানে থাকা তিনজনের মধ্যে একজন সাঁতরে তীরে উঠে আসতে সমর্থ হন। অপর দুজন নিখোঁজ হন। পরে মঙ্গলবার সকাল থেকে মোহনগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ও ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে নিয়োজিত হয়।
এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বলেন, সোমবার রাতে ঘটনার খবর পাওয়ার পর থেকে ঘটনাস্থলে সার্বক্ষণিক পুলিশ অবস্থান করছিল। মরদেহের সুরতাল রিপোর্টের পর নেত্রকোনা মর্গে পাঠানো হবে পরবর্তীতে মরদেহ পূর্বধলা থানার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
