প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘জুলাই বিয়ন্ড বর্ডার’ প্রদর্শনী জাতীয় ঐক্যই গণতন্ত্র ও ন্যায়বিচারের লড়াইয়ের সবচেয়ে বড় শক্তি বলেন রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা।
প্যারিসের টাউন হল মিলনায়তনে বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘জুলাই বিয়ন্ড বর্ডার’ নামের এক বিশেষ আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী।
মঙ্গলবার (০৫ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা।
রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, “জাতীয় ঐক্যই গণতন্ত্র ও ন্যায়বিচারের লড়াইয়ে সবচেয়ে বড় শক্তি। ফ্যাসিবাদ প্রতিরোধে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান যেমন ইতিহাসে স্থান করে নিয়েছে, তেমনি পরিবর্তনকে সফল করতে বর্তমান সময়ে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সকল শ্রেণীর ঐক্যবদ্ধ এবং দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
তিনি আরও বলেন, অর্থনৈতিক ও সামাজিক মুক্তির লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে অর্জিত বিজয়কে ধারণ ও বাস্তবায়ন করতে হবে।প্রদর্শনীতে ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তাক্ত গণজাগরণের স্মৃতি ও প্রেক্ষাপট চিত্রায়িত হয়। রাজনৈতিক পটভূমি, গণজাগরণ এবং জনগণের অদম্য প্রত্যয়ই এ আয়োজনের মূল প্রেরণা হয়ে ওঠে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. তাহের, কমিউনিটি ব্যক্তিত্ব ইমরান আহমদ এবং এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্সের আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা, দূতাবাসের মিশন উপপ্রধান কাজী এহসানুল হক, দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিল, বিএনপি ফ্রান্স শাখার সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম, ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) সহ-সমন্বয়ক মোহাম্মদ কামরুজ্জামান, মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের প্রতিনিধি মোহাম্মদ শহীদুল ইসলাম, এনসিপি’র শাহপরান শাকিল, মনোয়ার হোসেন পাটোয়ারী, ফরমান, আকিব, রাইসা, সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক, এফবিজেএ’র সদস্য তানভীর আহমেদ তোহা, মানবাধিকার কর্মী ওয়াদুদ তানভীর ও মামুন মাহিন প্রমুখ।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পাঠানো বিশেষ বাণী পড়ে শোনানো হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাশেম।
রাষ্ট্রদূতের নেতৃত্বে অতিথিরা প্রদর্শনী পরিদর্শন করেন। অনুষ্ঠানে- এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স পক্ষ থেকে প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়া নাগরিক সুবিধা থেকে বঞ্চিত বিষয়গুলো উল্লেখিত চিঠি ও ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থান স্মরণে একটি স্মারক ছবি হাতে তুলে দেন রাষ্ট্রদূত তালহার কাছে। ফ্রান্সে বসবাসরত বিভিন্ন স্তরের বাংলাদেশি প্রবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
