মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল গুলিসহ গ্রেপ্তার এক 

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১১:৫১ এএম

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া গোয়ালীমন্দ্রা বাজার এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ মো. শাহানুর (৫৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

গ্রেপ্তার শাহানুর লৌহজং উপজেলার খরিয়া এলাকার প্রয়াত সিরাজউদ্দিন সরদারের ছেলে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

তিনি জানান, বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০-এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় শাহানুরকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, শাহানুর একজন পেশাদার মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। তিনি দীর্ঘদিন ধরে লৌহজংসহ আশপাশের এলাকায় অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত