আ. লীগ কর্মীদের গেরিলা প্রশিক্ষণ

গ্রেপ্তার দেখানো হলো সেনা কর্মকর্তার স্ত্রী সুমাইয়াকে

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০২:০১ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণে সম্পৃক্ততার অভিযোগে সেনা কর্মকর্তা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে ঢাকার ভাটারা থানার একটি মামলায় তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন গোয়েন্দা-গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান।

ডিসি কামরুল গণমাধ্যমকে বলেন, ‘সুমাইয়া জাফরিনকে ভাটারা থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্তের স্বার্থে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।’

এর আগে বুধবার (৬ আগস্ট) রাতে রাজধানীর মিন্টো রোডস্থ ডিবি কার্যালয় থেকে সুমাইয়াকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশের একটি দল।

পুলিশ জানায়, বসুন্ধরা আবাসিক এলাকার কাছে একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক চলাকালে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের ২২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্তে সুমাইয়া জাফরিনের সংশ্লিষ্টতা উঠে আসে। এ ঘটনায় ভাটারা থানায় মামলা করে ডিএমপি।

উল্লেখ্য, ১ আগস্ট আইএসপিআর জানায়, ১৭ জুলাই অভিযুক্ত সেনা কর্মকর্তা মেজর সাদিককে তার উত্তরার বাসা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। ঘটনার তদন্তে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানানো হয়। তদন্ত শেষে তার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত