বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দক্ষিণ বা উত্তরপন্থী নয়, বিএনপি মধ্যপন্থী দল। রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই যেন এক জায়গায় বসতে পারে সেরকম পরিবেশ সৃষ্টিতে কাজ করছে বিএনপি। এজন্য সকল পন্থার সাথে আলোচনা করা হচ্ছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনকে পাঠানো চিঠি এক বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেন, জাতি এর জন্যই অপেক্ষা করছিল। সংস্কার ও বিচারে অগ্রগতি হয়েছে, বিএনপি সন্তুষ্ট। ভবিষ্যতেও জাতিকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টার ভিশনকে বিএনপি গ্রহণ করবে।
সরকারের কাছে আরও বেশি প্রত্যাশা ছিল জানিয়ে তিনি বলেন, নানা বাধাবিপত্তি উপেক্ষা করে যা অর্জন করেছে এর বেশি হয়তো সম্ভব ছিল না। তবে জাতির আশা আরও বেশি ছিল। সরকার যথাযথ পদক্ষেপ নিতে বিভিন্ন সময়ে ব্যর্থ হয়েছে।
নির্বাচন পরিচালনার বিষয়ে বিএনপি এই নেতা বলেন, নির্বাচন সংক্রান্ত সাংবিধানিক সংস্কার নির্বাচিত সরকার করবে। এছাড়া বর্তমানে পুলিশের স্ট্রাকচার রাতারাতি পরিবর্তনের সুযোগ না থাকলেও নির্বাচন পরিচালনায় তাদের রাখতে হবে। তবে মূল ভূমিকা রাখবে সেনাবাহিনী। জনগণই স্বচ্ছ নির্বাচন চায়। জনগন যেখানে স্বচ্ছ নির্বাচন চায় সেখানে জনগণ ও প্রার্থীদের মানসিকতার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গৌণ হবে।
জোটের বিষয়ে সালাউদ্দিন আহমদ বলেন, তফসিল ঘোষণার আগ পর্যন্ত সমমনা যেকোনো রাজনৈতিক দলের সাথে জোট হতে পারে। তবে জোটের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
