মুন্সীগঞ্জে মাটি ভরাটের দায়ে ১ জনের কারাদণ্ড

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৩:১৩ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে অবৈধভাবে ড্রাম ট্রাক দিয়ে মাটি ভরাটের দায়ে একজনকে কারাদণ্ড এবং অপর একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি মাটি কাটার যন্ত্র (বেকু) ও একটি বালুভর্তি ট্রাক জব্দ করা হয়। 

বুধবার (৭ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের কুমারভোগ ব্রিজসংলগ্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল।

এ সময় তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি মাটি কাটার যন্ত্র ও একটি বালুভর্তি ট্রাক জব্দ করা হয়। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে সড়ক পরিবহন আইনে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড এবং অপর একজনকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে ১ লাখ ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। 

তিনি আরো বলেন, জনস্বার্থে অবৈধভাবে মাটি ভরাট ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত