গজারিয়ায় ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে ২ শিক্ষার্থী গুরতর আহত

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৩:৩৮ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রেলার ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে দুই শিশু আহত হয়। স্থানীয়দের সহায়তায় তাদের আশংকাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টার দিকে হোসেন্দী-জামালদী পূর্ব পাড়া (নতুন ব্রিজ সংলগ্ন) হাজী দেলোয়ার হোসেন এর বাড়ির সামনে এই ঘটনা ঘটে।  

আহত দুই শিশু হলো, গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সারাফাত (৬) ও একই গ্রামের বিল্লাহ হোসেনের মেয়ে জামিয়া (৬) তারা দুজনেই হাজী সিরাজুল হক স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সম্পর্কে সারাফাত এবং জামিয়া চাচাতো ভাই-বোন। স্কুল থেকে বাসায় ফিরে সকালের নাস্তা খেয়ে প্রাইভেট পড়তে যাবার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে ছিল তারা। এ সময় রাস্তায় স্থানীয় সামুদা কেমিক্যাল ইন্ডাস্ট্রির একটি ট্রেলার ট্রাক জামালদী বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। গাড়ি দেখে তারা রাস্তার পাশের দেয়ালের দিকে সরে যায়। কিন্তু ট্রেলার ট্রাকটি দেয়ালটিতে ধাক্কা দিলে সেটি দুই শিশুর উপর ধসে পড়ে। এ সময় আশপাশ থেকে লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

প্রত্যক্ষদর্শী জাকির হোসেন জানান, গাড়ির গতি দেখে শিশু দুটি ভয়ে সড়ক থেকে বাড়ির ভিতরে আশ্রয় নিয়েছিল কিন্তু বেপরোয়া গতিতে গাড়িটা দেয়ালে সজোরে ধাক্কা দিলে দেয়াল ধসে শিশু দুটি গুরুতর আহত হন।

এদিকে আহতদের স্বজনরা জানিয়েছেন, এ ঘটনায় আহত দুই শিশুর মধ্যে সারাফাতের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। আহত অপরজন জামিয়া স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি সম্পর্কে কোম্পানি কর্তৃপক্ষের বক্তব্য জানতে সামুদা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যাওয়া হলে স্থানীয় গণমাধ্যম কর্মীদের ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। 

তবে তাদের পক্ষ থেকে ব্যবস্থাপক (মানব সম্পদ বিভাগ) মো. হাফিজুর রহমান বলেন, ট্রেলার ট্রাকের মালিক আমরা নই। আমরা একটি এজেন্সি থেকে গাড়ি ভাড়া করে আনি। গাড়ি সংক্রান্ত বিষয়ে সকল দায়ভার তাদের। 

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পুলিশ এসে স্থানীয় জনতার হাতে আটক গাড়ির ড্রাইভার, হেল্পারকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এ ব্যাপারে এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে গিয়েছিলাম। দুই পক্ষের সাথে আমার কথা হয়েছে। আজ বিকেলে বিষয়টি নিয়ে আমরা বসব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত