জুলাই ঘোষণাপত্র আশাহত করেছে: ছাত্রশিবির সভাপতি

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৫:২৯ পিএম

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘আমাদের খুব আশা ছিল এই জুলাই ঘোষণাপত্রটি সমৃদ্ধ ঘোষণাপত্র হবে। কিছুটা আশাহত হয়েছি আমরা। মনে হয়েছে এখানে পূর্ণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা, সাংবাদিক, প্রবাসী এক্টিভিস্টদের কথাগুলো স্থান পায়নি। এসব নিয়ে আমরা কিছুটা আশাহত। আমরা দাবি জানিয়েছি সরকার যেন বিষয়টি পুনর্বিবেচনা করে।’

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এদিন নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবিরের উদ্যোগে এসএসসির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়।

এ সময় টিএসসিতে শিবিরের প্রদর্শনী নিয়ে উত্থাপিত বিতর্ক নিয়ে জাহিদুল ইসলাম বলেন, ‘সেখানে বিচারিক হত্যাকাণ্ড হিসেবে হাসিনার আদালতে যে অবিচার হয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে। এছাড়া গত ১৫ বছরে যত অপকর্ম ছিল তার প্রতীক উপস্থাপন করা হয়েছে। দুর্ভাগ্য হলেও সত্য যারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে মুখে ফেনা তোলে তারাই মব সন্ত্রাস সৃষ্টি করে ছবিগুলো নামিয়ে নিয়েছে। আমরা সর্বোচ্চ ধৈর্য্যের পরিচয় দিয়েছি যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত