বিদ্যুৎস্পৃষ্টে ‘গামছা বাউল’ ডালিমের মৃত্যু

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৮:২৩ পিএম

রাজশাহীর দুর্গাপুর উপজেলার তরিকুল ইসলাম ডালিম (৩৫) নামের এক বাউলশিল্পী বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টা নাগাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান । উপজেলার শ্রীপুর এলাকার একটি বিলে গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফারমার মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটেছে। 

জানা গেছে, নিহত তরিকুল ইসলাম ডালিম দুর্গাপুর পৌর সদরের হরিপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে। তিনি লোকজ সংগীতচর্চা করতেন এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘বাংলার গায়েন সিজন-২’-এ অংশ নিয়ে আলোচনায় আসেন। তিনি ‘গামছা বাউল ডালিম’ নামে সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত ছিলেন। তবে জীবিকার প্রয়োজনে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ মেরামতের কাজ করতেন তিনি। তার মৃত্যুতে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। 

স্থানীয়রা জানিয়েছেন, ট্রান্সফারমার মেরামতের সময় হঠাৎ শর্টসার্কিট হয়ে ডালিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশের ধানক্ষেতে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত