তারেক রহমান ডিসেম্বরে দেশে ফিরবেন: হুমায়ুন কবির

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১০:৪৮ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বছরই (ডিসেম্বরের মধ্যে) দেশে ফিরবেন। এ তথ্য জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।

বৃহস্পতিবার বিকালে তিনি সিলেটের ওসমানীনগরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানিয়ে বলেন, ‘তারেক রহমান এ বছরই দেশে আসবেন। উনাকে এ বছরই পাবেন। ডিসেম্বরের ভেতরই তিনি আসবেন। আশা করি নভেম্বরেই নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে। এরপরই তিনি (তারেক রহমান) দেশে আসবেন। যেহেতু তিনি দলের প্রধান ব্যক্তি, আগামীতে উনার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য নিরাপত্তারও একটি বিষয় আছে। তবে এখানে কোন আইনি কোন বাধ্যবাধকতা নেই।’

ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে আয়োজিত সুধী সমাবেশে হুমায়ুন কবির আরও বলেন, ‘আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতি আগ্রহ বেড়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে। সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বৈঠকটি ছিল সৌজন্যমূলক। তবে, আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, তারেক রহমানের দৃষ্টিভঙ্গি এবং তিনি নির্বাচিত হলে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা ইত্যাদি বিষয় উঠে আসে।’

দল চাইলে নির্বাচনে সিলেট-২ আসনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে হুমায়ুন কবির বলেন, ‘উন্নয়নের ব্যাপারে সবসময় তার দরজা সকলের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া জুলুমকারীদের বিচারের আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত