অর্থ পাচার মামলায় খালাস পেলেন জি কে শামীম

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৭:৪৩ এএম

মানি লন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় বিতর্কিত ঠিকাদার ও কথিত যুবলীগ নেতা এসএম গোলাম কিবরিয়া ওরফে জি কে শামীমকে নিম্ন আদালতের ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছে হাইকোর্ট। একই মামলায় তার সাত দেহরক্ষীকে চার বছরের কারাদণ্ড থেকেও খালাস দেওয়া হয়েছে। সাজার বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে গতকাল বৃহস্পতিবার বিচারপতি এএসএম আব্দুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। খালাসপ্রাপ্ত সাত দেহরক্ষী হলেন দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম। 

২০২৩ সালের ১৭ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-১০ জি কে শামীমকে ১০ বছর এবং তার সাত দেহরক্ষীকে চার বছর করে কারাদণ্ড দেয়। এ ছাড়া আদালত সাজাপ্রাপ্তদের ৩ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৮১৪ টাকা জরিমানা করে। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন সাজাপ্রাপ্তরা। আদালতে আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এবং আইনজীবী মো. মোসাদ্দেক বিল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হেমায়েত উল্লাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত