মুন্সীগঞ্জের শ্রীনগরের উমপাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সিয়াম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়ামের বাড়ি মাদারীপুর জেলার হাটুপাড়া গ্রামের মো. আলী আকবরের ছেলে। তিনি ঢাকার বংশাল এলাকায় একটি গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার রাতে বন্ধুর সঙ্গে মাওয়া ঘুরতে গিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ছয়টার দিকে হঠাৎ একটি বিকট শব্দ শুনে তারা দৌঁড়ে গিয়ে দেখেন, একজন যুবক রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে আছেন। পাশে দুমড়ে-মুচড়ে যাওয়া একটি মোটরসাইকেল পড়ে ছিল। তাৎক্ষণিক তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সড়কের পাশে পড়ে থাকা মরদেহ উদ্ধার করি। পরে তা হাঁসাড়া হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মো. আবু নাঈম সিদ্দিকী বলেন, ধারণা করা হচ্ছে মোটরসাইকেলটি দ্রুতগতিতে চালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সড়কের পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
