দলমত নির্বিশেষে একযোগে কাজ করলে ঢাকাকে মানবিক নগরে রূপান্তর সম্ভব: ডিএনসিসি প্রশাসক

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৪:০৪ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য শহর গড়তে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। দলমত নির্বিশেষে সবাই একযোগে কাজ করলে ঢাকাকে ন্যায়ভিত্তিক ও মানবিক নগরে রূপান্তর করা সম্ভব।

শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ‘রান ফর ফেয়ার সিটি’ ম্যারাথনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ব্রাইটার্স ও ডিএনসিসির যৌথ আয়োজনে এ ম্যারাথনে ৫ শতাধিক তরুণ অংশ নেন।

অনুষ্ঠানের মাধ্যমে তরুণদের মধ্যে ন্যায়ভিত্তিক, মানবিক ও পরিবেশবান্ধব নগর গঠনের বার্তা পৌঁছে দেওয়া হয়। প্রশাসক বলেন, তরুণরাই ন্যায্য নগর গঠনে বড় ভূমিকা রাখতে পারে। তাদের অংশগ্রহণে আমরা একটি বাসযোগ্য, পরিবেশবান্ধব ও মানবিক ঢাকা গড়ে তুলতে পারি।

তিনি জানান, পরিবেশগত ন্যায্যতা, পাবলিক স্পেস বাড়ানো ও সবুজায়নের জন্য ডিএনসিসি নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে। ম্যারাথনে ৫ কিমি ও ৭.৫ কিমি দূরত্বে দুটি বিভাগে দৌড় অনুষ্ঠিত হয়। প্রতিটি রেজিস্ট্রেশনের বিনিময়ে একটি করে গাছ লাগানোর প্রতিশ্রুতি দেওয়া হয়, যা নগরের সবুজায়নের প্রতীক।

ব্রাইটার্সের পক্ষে বলা হয়, এ উদ্যোগ তরুণদের মধ্যে নাগরিক সচেতনতা ও নগর পরিকল্পনায় অংশগ্রহণের আগ্রহ বাড়াবে। তরুণরাই পারে এমন ঢাকা গড়তে, যেখানে সকলের জন্য মর্যাদা, ন্যায় ও পরিবেশের সমতা নিশ্চিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত