গাজায় ব্যবহারের আশঙ্কায় ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত ঘোষণা জার্মানির

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৭:৫১ পিএম

ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনায় এবার প্রতিক্রিয়া জানিয়েছে জার্মানি। অধিকৃত ফিলিস্তিনের বিধ্বস্ত এই অঞ্চলটিতে ব্যবহৃত হতে পারে এমন কোনো অস্ত্রই ইসরায়েলের কাছে রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছে বার্লিন। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎস এই ঘোষণা দিয়েছেন।

বিবিসির লাইভ আপডেটে বলা হয়, কিছুক্ষণ আগে দেওয়া এক বক্তব্যে মেরৎস বলেন, তার সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলে এমন কোনো সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমোদন দেবে না যা গাজায় ব্যবহৃত হতে পারে।

তিনি বলেন, ইসরায়েল যে সামরিক পরিকল্পনা করছে তাতে তাদের লক্ষ্য কীভাবে অর্জন হবে তা বোঝা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে জার্মান সরকার সিদ্ধান্ত নিয়েছে, পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত গাজায় ব্যবহৃত হতে পারে এমন কোনো সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধ থাকবে।

উল্লেখ্য, ইসরায়েলের অন্যতম বৃহৎ অস্ত্র সরবরাহকারী দেশ জার্মানি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপ্রি) তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ইসরায়েলে সবচেয়ে বেশি সামরিক সরঞ্জাম রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র, আর দ্বিতীয় স্থানে ছিল জার্মানি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত