‘ওরা মিলিয়ন ডলার বিনিয়োগ করে, বাফুফের মতো তিন স্তরে আটকে থাকে না’

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১১:৫৯ এএম

ফিফা প্রকাশিত হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশের মেয়েরা। র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ কোরিয়ার অবস্থান ১০ নম্বরে, আর বাংলাদেশ রয়েছে ১০৪-এ। সংখ্যাটাই বলে দিচ্ছে আফাঈদা-সাগরিকাদের দল কতটা পিছিয়ে আছে। তবুও অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে সেই কোরিয়াকেই পেছনে ফেলে গ্রুপ ‘এইচ’ -এর শীর্ষে বাংলাদেশ।

বাছাইপর্বের প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। সেই লাওসকেই দক্ষিণ কোরিয়া হারিয়েছে ১-০ ব্যবধানে। দুই ম্যাচ শেষে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া দুই দলেরই পয়েন্ট ৬, গোল ব্যবধানও সমান ১০। তবে বাংলাদেশ করেছে ১১ গোল, কোরিয়া ১০। তাই বেশি গোলের কারণে শীর্ষে রয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে কোরিয়ার সঙ্গে ড্র করলেই জাতীয় দলের মতো অনূর্ধ্ব-২০ নারী দলও পাবে এশিয়ান কাপের টিকিট।

বাফুফের দেওয়া ভিডিও বার্তায় কোচ পিটার বাটলার বলেন, ‘আমাদের প্রতিপক্ষ এখন দক্ষিণ কোরিয়া। ওরা দারুণ গোছানো ও মানসম্পন্ন দল। কাগজে-কলমে আমরা তাদের মানের নই। খেলার ফল যাই হোক, মাঠ ছাড়তে হবে সম্মান নিয়ে। সবকিছু এখন আমাদের হাতে, আমরা সর্বোচ্চটা দেব। ওরা উন্নয়নে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করে। পরিকল্পনা আর সংগঠনে প্রচুর অর্থ ব্যয় করে। আমি নিশ্চিত, ওদের খেলোয়াড়রা বাফুফের মতো তিন স্তরে আটকে থাকে না। এই টুর্নামেন্টে আমরা অনেক কিছু শিখতে এসেছি। দলের অনেক খেলোয়াড়ের জন্যই এটি প্রথম বড় টুর্নামেন্ট।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত