বিপ্লব উদ্যান কেন্দ্রিক ছিনতাই চক্র সক্রিয়, আইফোন ছিনতাইয়ের অভিযোগ থানায়

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১০:২৬ পিএম

চট্টগ্রাম নগরের ষোলশহর ২নং গেইট বিপ্লব উদ্যান এলাকায় অপরাধ কর্মকাণ্ড বেড়েছে। সংঘবদ্ধ অপরাধ চক্র সেখানে ঘুরতে আসা তরুণ-তরুণীদের ফাঁদে ফেলে দামি মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে।

সম্প্রতি, ওই এলাকায় অপরাধ চক্রের শিকার হয়েছেন নগরের খুলশি থানা এলাকার বাসিন্দা নুরুল হাসানের ছেলে এ এ এম জিসানুল চৌধুরী।

ভুক্তভোগী জিসানুল চৌধুরী চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।

গত ৭ জুলাই তাকে জিম্মি করে জোরপূর্বক দামি আইফোন ছিনিয়ে নেন সাঈদ ও টিটু নামে দুই যুবক। উক্ত দুই যুবকের প্রতিবেশী মাঈনুল নামে আরেক যুবক ফোনটি উদ্ধার করে দেওয়ার আশ্বাস দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর কাছ থেকে বিকাশে ৫ হাজার টাকাও নেন। কিন্তু আইফোনটি উদ্ধার করে দিতে না পারায় সাঈদ ও টিটুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গত ৪ আগস্ট জিসানের বাবা নুরুল হাসান পাঁচলাইশ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে দুইদিন আগে বিপ্লব উদ্যান এলাকা থেকে দুজন ছিনতাইকারী গ্রেপ্তারের তথ্য জানিয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম আজ রাত সাড়ে ৮ টার দিকে দেশ রূপান্তরকে বলেন, ‘বিপ্লব উদ্যান এলাকায় অপরাধ চক্রের ওপর পুলিশের নজরদারি আছে৷ ছিনতাইয়ের শিকার হওয়া কলেজছাত্রের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ।’

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শনিবার সন্ধ্যা ৭টার দিকে একাধিকবার কল করলেও রিসিভ করেননি অভিযুক্ত সাঈদ। আইফোনটি উদ্ধারের আশ্বাস দেওয়া মাঈনুলের মোবাইলে কল করলে পরে কথা বলবেন বলে সংযোগ বিছিন্ন করে দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত