গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নিহতের সংখ্যা ৬১ হাজার ৩৬৯–এ পৌঁছেছে। শনিবার (৯ আগস্ট) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ এ হিসাব দিয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন অন্তত ১ লাখ ৫২ হাজার ৮৫০ জন। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপে আটকে থাকা অনেক মরদেহের কাছেও পৌঁছাতে পারছে না উদ্ধারকারী দল।
গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন অঞ্চল থেকে আরও ৩৯টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪৯১ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একই সময় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ২১ জন, আহত হয়েছেন আরও ৩৪১ জন। চলতি বছরের মে মাসের শেষ দিক থেকে এখন পর্যন্ত শুধু সহায়তা সংগ্রহের সময় নিহত হয়েছেন ১ হাজার ৭৪৩ জন এবং আহত হয়েছেন ১২ হাজার ৫৯০ জনের বেশি।
খাদ্য ও চিকিৎসাসামগ্রীর অভাবে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জন মারা গেছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। অনাহারে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১২ জনে; এর মধ্যে ৯৮ জন শিশু।
যুদ্ধের তীব্রতায় গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। খাদ্য, ওষুধ এবং নিরাপদ আশ্রয়ের সংকট চরম পর্যায়ে পৌঁছেছে।
গত মার্চে স্বল্প সময়ের যুদ্ধবিরতি শেষে ১৮ মার্চ থেকে ইসরায়েল আবারও বড় ধরনের অভিযান শুরু করে। এরপর থেকে নতুন করে প্রাণ হারিয়েছেন ৯ হাজার ৮৬২ জন এবং আহত হয়েছেন আরও ৪০ হাজার ৮০৯ জন।
এদিকে, গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষিতে আন্তর্জাতিক আদালত ইসরায়েলের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
তাছাড়া, গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাও চলছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
আজ থেকে টিসিবির ট্রাকে পণ্য বিক্রি শুরু