ফিলাডেলফিয়া এখন বাংলাদেশি মুসলমানদের শহর!

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১০:১৮ এএম

বাংলাদেশি প্রবাসী মুসলমানদের ভিড় লক্ষণীয়ভাবে বেড়েছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া শহরে। কোনো বিশেষ ঈদ উৎসবের সময় না হলেও শহরের প্রায় সব রাস্তায় ও অলিগলিতে মুসলমান নারী-পুরুষদের চলাচল চোখে পড়ার মতো। 

শুক্রবার (৮ আগস্ট) থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) সম্মেলন পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে যোগদানের জন্য শুক্রবারের রাত থেকেই হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান কনভেনশন সেন্টারে জমায়েত হয়েছেন। ফিলাডেলফিয়া শহরসহ আশপাশের কয়েকটি শহরের ৯৮টি হোটেলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত একটিও খালি কক্ষ পাওয়া যাচ্ছিল না। এছাড়া নিকটবর্তী প্রায় দশটি শহরেও অনেকেই শেষ মুহূর্তে হোটেল বুকিং করতে ব্যর্থ হয়েছেন। এবারের মুনা সম্মেলনের সংবাদ সংগ্রহের জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রায় ৩৫ থেকে ৪০ জন সাংবাদিক ফিলাডেলফিয়ায় অবস্থান করছেন।

পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে শুক্রবার হাজারো ধর্মপ্রাণ মুসলমান একযোগে জুমার নামাজ আদায় করেন, যার অধিকাংশই বাংলাদেশি। আয়োজকদের মতে, এবারের সম্মেলনে অংশ নেওয়া ২০ থেকে ২৫ হাজার মুসলমানের মধ্যে প্রায় ৮০ শতাংশই বাংলাদেশি। শহরের বিভিন্ন প্রান্তে গেলে বাংলা ভাষাভাষীদের কথাবার্তা পাওয়া যায়। বাংলাদেশি মুসলমানদের এ ধরনের মিলনমেলা আয়োজনের জন্য মুনার সংশ্লিষ্টরা নিজেদের গর্বিত মনে করছেন।

শুক্রবার সম্মেলনে বক্তব্য রাখেন আহ্বায়ক আরমান চৌধুরী (সিপিএ), মুনার ন্যাশনাল কমিটির সভাপতি ইমাম দালোয়ার হোসাইন, ব্যারিস্টার হামিদ এইচ আজাদ, নিহাদ আওয়াদ (চেয়ার), ইমাম মোহাম্মদ আলি (এফইউটিএ), সাফা জারজোয়ার (সিরিয়ান ফোরাম), ড. ওসামা আবু আরশাদ (এএমপি), ড. আয়মান হাম্মমউস (এমএএস), সালমান মুজাহিদ (ইকনা), ওসামা জামাল (ইউএসসিএমও), ড. আলতাফ হুসাইন, ইমাম সিরাজ ওয়াহাজ, ক্বারী সাঈদ দাহী, ক্বারী আব্দুল মাজিদ, সাজ্জাদুর রহমান ও ড. আবুল কালাম আজাদ বাশার প্রমুখ।

এবারের প্রধান বক্তাদের তালিকায় আছেন ড. ওমর সুলাইমান, সামি হামদি, মোহাম্মদ এলশিনাউই, ড. আলতাফ হোসাইন, ইমাম টম ফ্যাচাইন, হামজাহ আব্দুল-মালিক, ইমাম সিরাজ ওয়াহাজ, আসিফ হিরানি, শেখ আব্দুল নাসির জাংদা প্রমুখ। পাশাপাশি ভার্চুয়াল তাফসির ও কুরআনভিত্তিক আলোচনায় অংশ নেবেন দেশের এবং বিদেশের একাধিক আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত