জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
রবিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র সংসদ নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম তফসিলটি প্রকাশ করেন। আজই খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করবে কর্তৃপক্ষ।
প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন ১৮ ও ১৯ আগস্ট। ২৫ আগস্ট খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। অধ্যাপক মো. মনিরুজ্জামান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।
১৯৭২ সালে জাকসু প্রতিষ্ঠার পর প্রথম নির্বাচন হয় ওই বছরই। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯২ সালে। দীর্ঘ ৩৩ বছর পর আবারও নির্বাচনের ঘোষণা এলো।
গত কয়েক মাস ধরে শিক্ষার্থীরা জাকসু নির্বাচনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও আমরণ অনশনসহ নানা কর্মসূচি পালন করে আসছিল। তাদের চাপের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘোষণা দেয়।
এর আগে, গত জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
