নেইমার তবুও খেললেন, হামজাকে মাঠেই নামালেন না কোচ

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১১:০১ এএম

রবিবার নিজ নিজ লিগ ম্যাচে সান্তোস ও লেস্টার সিটি জিতেছে ২-১ গোলে। সান্তোসে নেইমার তবুও খেলেছেন। কিন্তু ইংলিশ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে হামজা চৌধুরীকে মাঠে নামাননি লেস্টারের নতুন কোচ। যা বিস্ময়ের সৃষ্টি করেছে। 

নেইমারের ‘শিকার’ হয়েও জয় সান্তোসের

ব্রাজিলেরাও লিগে ক্রুজেইরোর মাঠে মিনেইরাঁওয়ে ৫৯ হাজারেরও বেশি দর্শকের সামনে প্রথমার্ধে একেবারেই চাপে ছিল সান্তোস। ৪৩ মিনিটে ফাব্রিসিও ব্রুনোর গোলে পিছিয়ে পড়ে তারা। নেইমারও প্রথমার্ধে গোলের সুযোগ পান, আবার ফাউল করে হলুদ কার্ডও দেখেন।

বিরতিতে কোচ ক্লেবার জাভিয়েরের বদলির পর দল ঘুরে দাঁড়ায়। ৬১ মিনিটে গিলহারমের গোলে সমতায় ফেরে সান্তোস। এরপর কাইও জর্জের গোল বাতিল হয় ভিএআরের সিদ্ধান্তে। শেষ মুহূর্তে (৮৭ মিনিটে) গিলহারমের পাস থেকে প্যারাগুয়ের ক্যাবায়োরো গোল করে সান্তোসকে ২-১ জয়ে এগিয়ে দেন। নেইমার গোল না পেলেও খেলেন পুরো ম্যাচ, শেষ বাঁশির পর কাইও জর্জের সঙ্গে জার্সি বদলান এবং দর্শকদের করতালির মধ্য মাঠ ছাড়েন

 হামজা সারাক্ষণে বেঞ্চে, লেস্টারের নাটকীয় জয়

অন্যদিকে নতুন মৌসুম শুরু করল প্রিমিয়ার লিগ থেকে অবনমিত লেস্টার সিটি। ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে ম্যাচে হামজা চৌধুরীকে মাঠে নামাননি নতুন কোচ। অথচ তাকে অধিনায়ক করা হয়েছে জানা গিয়েছিল। চোটের কোনো খবরও জানা যায়নি। অবশ্য তাকে ছাড়াই  ১-০ গোলে পিছিয়ে থেকেও শেষপর্যন্ত ২-১ জিতেছে লেস্টার। 

প্রথমার্ধে নিরুত্তাপ লেস্টার ৫৪ মিনিটে ভেস্টারগার্ডের গোলে সমতায় ফেরে। প্রতিপক্ষ অধিনায়ক ব্যারি ব্যানানের লাল কার্ডে ১০ জনে নেমে আসা ওয়েনসডে শেষ পর্যন্ত চাপ সামলাতে পারেনি। ৮৭ মিনিটে বদলি বেলজিয়ান জাতীয় দলের ভাউট ওয়াউট ফেসের হেডে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত