এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১১:৫৮ এএম

অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে এগোচ্ছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার পর এই পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন সোমবার (১১ আগস্ট) দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বিবিসির তথ্য অনুযায়ী, তিনি জানিয়েছেন, জাতিসংঘ সাধারণ পরিষদ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত প্রতিশ্রুতির ভিত্তিতে পদক্ষেপটি নেওয়া হবে।

আলবানিজ বলেন, মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙার জন্য এবং গাজায় সংঘাত, দুর্ভোগ ও দুর্ভিক্ষের অবসান ঘটাতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানই মানবতার সেরা প্রত্যাশা। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছ থেকে প্রাপ্ত প্রতিশ্রুতির পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে কোনো রাষ্ট্রে হামাস কোনো ভূমিকা রাখতে না পারে। তার এ সিদ্ধান্ত নেওয়ার পেছনে যুক্তরাজ্য, ফ্রান্স, নিউজিল্যান্ড ও জাপানের নেতাদের সঙ্গে চলা আলোচনা প্রভাব ফেলেছে।

তবে পশ্চিমা দেশগুলোর এই উদ্যোগকে ইসরায়েল সমালোচনা করেছে। তাদের দাবি, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া সন্ত্রাসবাদের পুরস্কার দেওয়া ছাড়া কিছু নয়।

পটভূমি হিসেবে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অপ্রত্যাশিত হামলায় ইসরায়েলি ভূখণ্ডে ১২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে বন্দি করা হয়। এই হামলার জবাবে ইসরায়েলি বাহিনী গাজায় ১৫ মাস ধরে অভিযান চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশের চাপের ফলে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হলেও, মার্চে আবারও গাজায় অভিযান শুরু হয়।

প্রায় দুই বছর ধরে চলা এই সংঘাতে ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং দেড় লাখেরও বেশি আহত হয়েছেন। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে গাজায় আগ্রাসনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা আন্তর্জাতিক আদালতে বিচারাধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত