তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কুয়ালালামপুরে পৌঁছান।
এর আগে সোমবার দুপুর ২টায় সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
গত বছরের অক্টোবর মাসে বাংলাদেশ সফর করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তারই ধারাবাহিকতায় এবার দেশটি সফরে গেলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের এক বড় সমর্থক আনোয়ার ইব্রাহিম। তিনি অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের বন্ধু।
মঙ্গলবার (১২ আগস্ট) প্রশাসনিক রাজধানী পুত্রজয়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম, শিক্ষা, পর্যটন এবং প্রতিরক্ষা খাতসহ অন্যান্য খাতে দুই দেশের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করবেন আনোয়ার ইব্রাহিম ও অধ্যাপক ইউনূস। এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ও আলোচনা করা হবে।
