সাংবাদিক তুহিন হত্যা

একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে আসামিরা 

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৬:১৮ পিএম

গাজীপুরে বহুল আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার ৭ আসামির মধ্যে একজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাসন থানায় দুই দিনের রিমান্ড শেষে সাত আসামিকে সোমবার দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির করা হয়। পরে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার আসামিদের মধ্যে কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ ভূঁইয়ার ছেলে মো. শাহজালাল (৩২) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দুলাল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই তদন্তকারী কর্মকর্তা বলেন, দুই দিনের রিমান্ড শেষে দুপুরে কড়া পুলিশি প্রহরায় সাত আসামিকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে আসামি মো. শাহজালালকে ওই আদালতের বিচারক ওমর হায়দারের নিকট হাজির করা হলে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন আসামি শাহজালাল। পরে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, রিমান্ডে থাকা অবস্থায় ওই সাত আসামিকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তারা তুহিন হত্যা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হবে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন ওই কর্মকর্তা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি হ্যানি ট্র্যাপের ঘটনায় মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করতে গেলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. সেলিম বাদী হয়ে বাসন থানায় মামলা করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত