ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় প্রথম শ্রেণি পড়ুয়া সাফিয়া আক্তার (৬) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জাটিয়া ইউনিয়নের ফানুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু সাফিয়া গ্রামের হারুন অর-রশিদের মেয়ে। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল হক ঝন্টু বলেন, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ইজিবাইকটি থানায় দিয়েছি। যেহেতু এটি পুলিশ কেস তাই নিহত শিশুকে হাসপাতালে পাঠিয়েছি।
স্বজনরা সাফিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসকরা জানান, শিশু সাফিয়ার মুখে এবং বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালের নিয়ে আসার পর তার সমস্ত শরীর নীল হয়ে গিয়েছিল। ধারণা করা যাচ্ছে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে।
নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে পুকুর থেকে গোসল করে দেওয়ানগঞ্জ-সুটিয়া সড়ক পাশে বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল সাফিয়া। এ সময় দেওয়ানগঞ্জ থেকে সুটিয়াগামী একটি ব্যাটারিচালিত ইজিবাইক প্রথমে সাফিয়াকে ধাক্কা দেয়। ফলে সাফিয়া ছিটকে রাস্তার ওপরেই পড়ে যায়। ইজিবাইকটি ফের সাফিয়ার শরীরের ওপর দিয়েই চলে যায়। এতে ঘটনাস্থলেই শিশু সাফিয়ার মৃত্যু হয়। নিহত শিশু সাফিয়া স্থানীয় ফানুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই বোনের মাঝে সাফিয়া বড়। একমাত্র ছোট বোন ইলমার বয়স সবেমাত্র ৩ বছর। বড় মেয়ে সাফিয়াকে হারিয়ে আহাজারি করতে করতে মা শেফালি আক্তার পাগলপ্রায়। এ ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
সাফিয়ার চাচা রায়হান ওরফে আল-আমিন বলেন, সাফিয়া ইজিবাইকের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়েছিল। পরে তার শরীরের ওপর দিয়ে পুনরায় ইজিবাইক চলেছিল। আমরা এ ঘটনার বিচার চাই।
এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। নিহত শিশুর মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ঘাতক ইজিবাইকটি জব্দ করা হয়েছে। কিন্তু চালক পলাতক রয়েছে। এ ছাড়া এ বিষয়ে অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বাস্থ্যখাত সংস্কারের ডাক, বরিশালে লাগাতার কর্মসূচি ঘোষণা
‘অচিরেই দেশে ফিরছেন তারেক রহমান’