চলতি ২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা খাতে মিলিয়ে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৩.৫০ বিলিয়ন ডলার (৬ হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার)। গত অর্থবছরে এ লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৭৫০ কোটি ডলার।
মঙ্গলবার (১২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
প্রস্তাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৫ বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ১৩.৪০% বেশি। অন্যদিকে, সেবা খাতের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮.৫০ বিলিয়ন ডলার, যা আগের বছরের চেয়ে ১৮.৬৭% বেশি।
২০২৪-২৫ অর্থবছরে পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৫০ বিলিয়ন ডলার, অর্জিত হয়েছে ৪৮.২৮ বিলিয়ন ডলার (লক্ষ্যমাত্রার ৯৭%)। তবে এটি ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে ৮.৫৮% বেশি। সেবা খাতে লক্ষ্যমাত্রা ছিল ৭.৫০ বিলিয়ন ডলার, কিন্তু জুলাই-এপ্রিল পর্যন্ত রপ্তানি হয়েছে ৫.৭৭ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫.১৩% বেশি।
প্রস্তাবিত পোশাক খাত: ওভেন গার্মেন্টসের লক্ষ্যমাত্রা ২০,৭৯০ মিলিয়ন ডলার (১৪.৩১% প্রবৃদ্ধি), নিটওয়্যারের লক্ষ্যমাত্রা ২৩,৭০০ মিলিয়ন ডলার (১২.০১% প্রবৃদ্ধি)।
হোম টেক্সটাইল: ১,০২০ মিলিয়ন ডলার (১৭.০৩% প্রবৃদ্ধি)।
চামড়া ও চামড়াজাত পণ্য: ১,২৫০ মিলিয়ন ডলার (৯.১৬% প্রবৃদ্ধি)।
হিমায়িত মাছ: ৫৩৯ মিলিয়ন ডলার (২২.০৬% প্রবৃদ্ধি)।
পাট ও পাটজাত পণ্য: ৯০০ মিলিয়ন ডলার (৯.৭৩% প্রবৃদ্ধি)।
সভায় বাণিজ্য সচিব মাহবুবর রহমান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন ও মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
