নড়াইলে নারিকেল গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০২:৩৬ পিএম

নড়াইলে নারিকেল গাছ থেকে পড়ে রাকিব শিকদার (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের কাগজীপাড়া গ্রামের উত্তরপাড়ার কাদের শিকদারের ছেলে। তার বাবা কুয়েত প্রবাসী।

কাগজীপাড়া গ্রামের মুফতি এম হেদায়েত হোসাইন জানান, মঙ্গলবার সকালে রাকিব শিকদার কাগজীপাড়া গ্রামের ওলিয়ার রহমানের নারিকেল গাছ পরিস্কার করার জন্য গাছে ওঠে। এ সময় অসাবধানবশত বৃষ্টিতে ভেজা নারিকেল গাছের ডগায় পাড়া দিলে সে ছিটকে মাটিতে পড়ে যায়। এতে তার পা ভেঙ্গে যায় ও বুকে-মাথায় প্রচন্ড আঘাত লাগে।

পরে স্থানীয় ও স্বজনরা তাকে জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক লিপিকা রাণী বিশ্বাস বলেন, বেলা ১১টা ৩৯ মিনিটের সময় রাকিব নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটি মারা গেছে।

হবখালি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ইব্রাহিম হোসেন বলেন, সকালের দিকে প্রতিবেশীর বাড়িতে থাকা নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে রাকিব গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে সে মারা গেছে। রাকিবের বাবা কাদের শিকদার কুয়েত প্রবাসী। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত