গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১২:৩০ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় আখ রক্ষায় জমিতে বিদ্যুৎ সংযোগ করায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহীন (১৪) নামে এক কিশোর মারা গেছে।

শাহীন (১৪) উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে। বুধবার (১৩ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কলসেরকান্দী গ্রামে সাইদুর রহমানের আখ ক্ষেত থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার রাতে কোন এক সময় বিদ্যুৎস্পর্শে মারা যায় শাহীন। প‌রে সকালে কয়েকজন পথচারী স্থানীয় সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় তা‌কে পড়ে থাক‌তে দেখে তার পরিবার ও থানা পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে শাহিনের মরদেহ উদ্ধার করে। 

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, শেয়াল ও অন্যান্য প্রাণী রুখতে আখ ক্ষে‌তে বৈদ‌্যু‌তিক ফাঁদ তৈ‌রি ক‌রেন জমির মালিক সাইদুর রহমান। এ ঘটনার পরে স্থানীয়দের জনরোষে পালিয়ে যায় জমির মালিক।

বিষয়টা নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। ফসল রক্ষায় এমন বিপজ্জনক ও আইন বিরোধী পদ্ধতি কিছুতেই মেনে নিতে পারছে না তারা। তারা বলছে যে পদ্ধতি শুধু ফসলই নয়, মানুষের জীবনও কেড়ে নেয় সেই পদ্ধতি ব্যবহার করা উচিত নয়।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ জানান, কিশোরের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত