ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, মাদক ও সন্ত্রাস নির্মূলে সরকার ও পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বুধবার (১৩ আগস্ট) সকালে মাদারীপুরের শিবচরে নন্দকুমার মডেল ইনস্টিটিউশন পরিদর্শনের সময় ছাত্র-ছাত্রীদের তিনি এই কথা বলেন।
এর আগে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক শিবচর থানা সংক্ষিপ্ত পরিদর্শনে আসেন। তিনি শিবচর থানায় পৌঁছালে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনের অংশ হিসেবে ডিআইজি থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজতখানা, সরকারি অস্ত্রাগার পরিদর্শন করেন। সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
এছাড়াও থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক ঘুরে দেখেন এবং আগত সেবা প্রার্থীদের গুণগত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এরপর শিবচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশন পরিদর্শন করেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ থানা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
