হ্যান্ডশেক বিতর্ক নিয়ে মুখ খুললেন ওয়াশিংটন সুন্দর

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৪:১৮ পিএম

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ সেই কবেই শেষ হয়ে গেছে, কিন্তু বিতর্ক থামেনি। ম্যানচেস্টারে চতুর্থ টেস্টে দারুণ লড়াই করে ম্যাচ ড্র করেছিল ভারত। তবে ইংল্যান্ড আরও আগেই ড্রয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু রবীন্দ্র জাদেজা আর ওয়াশিংটন সুন্দরের সেঞ্চুরির জন্য ভারত সেই প্রস্তাব ভারত গ্রহণ করেনি। বেন স্টোকস হাত বাড়িয়ে দিলেও জাদেজা তাকে ফিরিয়ে দেন। বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক হয়েছে।

ক্রিকেট বিশ্লেষকদের বেশিরভাগই জাদেজার এই আচরণে কোনো ভুল দেখছেন না। এতে কোনো নিয়মও ভঙ্গ হয়নি। আবার কেউ কেউ এটাকে ক্রিকেটীয় ভদ্রতার লংঘন বলে উল্লেখ করছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী ওয়াশিংটন সুন্দর ‘উইজডেন’কে বলেছেন, ‘আমার মনে হয়, এটা যেকোনো খেলাতেই ঘটে, তাই না? শুধু ক্রিকেট নয়, আমরা বিভিন্ন খেলায়ই এমন অনেক ঘটনা দেখেছি। খেলাধুলা এমনই—এটি অনেক কিছু উসকে দেয়। সত্যি বলতে, আমাদের সবার জন্যই এটা একটা অভিজ্ঞতা ছিল।’

তবে সুন্দর স্বীকার করেছেন, স্টোকসের ওই করমর্দন ফিরিয়ে দেওয়ার ঘটনা ভারতীয় দলকে উজ্জীবিত করেছিল এবং সিরিজ ড্র করতে এটি বড় ভূমিকা রেখেছে, ‘একশ শতাংশ। আপনি যেকোনো খেলোয়াড়কে এটা জিজ্ঞাসা করুন—ঠিক এটাই উত্তর পাবেন। বিশেষত টেস্ট ক্রিকেটে আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে চান, প্রতিদিনই আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আর যখন পরিস্থিতি কঠিন হয়ে ওঠে, তখন সফল হতে হলে মানসিকভাবে দৃঢ় থাকা ছাড়া উপায় নেই।’

উল্লেখ্য, ভারতের সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক শুবমান গিলের নেতৃত্বে দেশটি অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি ২-২ ড্র করে। তিন সেঞ্চুরি এবং এক ডাবল সেঞ্চুরিতে ৭৫৪ রান করে শুবমান হয়েছেন পাঁচ ম্যাচের সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক। তার নেতৃত্ব সিরিজজুড়েই দারুণ প্রশংসিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত