বিভিন্ন ধরনের ফেব্রিক, সুতা ও আনুষঙ্গিক পণ্য নিয়ে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে ‘১১তম ইয়ার্ন, ফেব্রিকস অ্যান্ড এক্সেসরিজ শো-২০২৫’। বিশেষ এ প্রদর্শনীটির আয়োজন করেছে এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড।
১১তম ইয়ার্ন, ফেব্রিকস অ্যান্ড এক্সেসরিজ শো-২০২৫ প্রদর্শনীর প্রায় ১৩০টি স্টলে ১০০টিরও বেশি সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নেবে। অংশগ্রহণকারীরা নিজেদের তৈরি বিভিন্ন ফেব্রিক, সুতা এবং গার্মেন্টস এক্সেসরিজসহ আনুষঙ্গিক পণ্যগুলো দেশের তৈরি পোশাক খাত-সংশ্লিষ্টদের কাছে প্রদর্শন করবেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সভাপতি মো. শাহরিয়ার, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) পরিচালক কাজী মিজানুর রহমান এবং এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনসের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া।
বাংলাদেশের বস্ত্রশিল্প খাতের সক্ষমতা বৈশ্বিক ক্রেতা প্রতিষ্ঠানগুলোর সামনে তুলে ধরতে নিয়মিত এ ধরনের প্রদর্শনী আয়োজন করা প্রয়োজন উল্লেখ করে মোহাম্মদ হাতেম বলেন, ‘এক ছাদের নিচে দেশি-বিদেশি নানা প্রতিষ্ঠানের স্টল থাকায় এ ধরনের মেলার মাধ্যমে কোনো ধরনের মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি সরবরাহকারীর কাছ থেকে পণ্য বেছে নেওয়ার সুযোগ থাকে। ফলে তুলনামূলক স্বল্পব্যয়ে মানসম্মত পণ্য কেনা যায়।’
প্রদর্শনীর আয়োজক এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, ‘বর্তমান সময়ে ফেব্রিকস সোর্সিং তৈরি পোশাক খাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ। একই সঙ্গে নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ রপ্তানিকারকদের জন্য গুরুত্বপূর্ণ। ১১তম ইয়ার্ন, ফেব্রিকস অ্যান্ড এক্সেসরিজ শো-২০২৫ প্রদর্শনী রপ্তানিকারকদের এসব চাহিদার কথা মাথায় রেখে আয়োজন করা হয়েছে।’
প্রদর্শনীর মাধ্যমে দেশের পোশাক প্রস্তুতকারক, রপ্তানিকারক এবং বায়িং হাউজগুলো খুব সহজেই অংশগ্রহণকারী আন্তর্জাতিক সরবরাহকারীদের কাছ থেকে তাদের প্রয়োজনীয় পণ্য বা আনুষঙ্গিক জিনিস সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট খাতে আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরির এক বিশাল হাব হিসেবেও কাজ করবে মেলাটি।
প্রদর্শনীতে বিভিন্ন ধরনের সুতা, রঙিন সুতা এবং বোনা পোশাক তৈরির জন্য মিশ্র সুতা, বোনা ওভেন ফ্যাশন ফেব্রিক, প্লাশ ফেব্রিক, টিআর স্যুট ফেব্রিক, উলের স্যুট ফেব্রিক, ফ্যাশন প্রিন্টেড ফেব্রিক, বোনা স্পোর্টস ফাংশনাল ফেব্রিক, হোম ফেব্রিক, খেলনা ফেব্রিক এবং পোস্ট প্রসেস হট স্ট্যাম্পিং, সূচিকর্ম, কম্পোজিট, ফিল্ম, ফ্লকিংসহ পোশাকশিল্প খাতের আনুষঙ্গিক প্রদর্শন করা হবে। চার দিনব্যাপী এই প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড বাংলাদেশে আন্তর্জাতিক ট্রেড শোয়ের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে, যারা ২০০২ সালে তাদের প্রথম ট্রেড শো আয়োজন করে। এরপর থেকে তারা বিভিন্ন শিল্পক্ষেত্রে প্রায় ২০০টি ট্রেড শো আয়োজন করেছে।
