ড. শাহদীন মালিককে সুপ্রিম কোর্টে দুদকের আইনজীবী নিয়োগ

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৮:২৫ এএম

সুপ্রিম কোর্টে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিচারাধীন মামলা পরিচালনার জন্য জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিককে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়েছে সংস্থাটি। গতকাল বৃহস্পতিবার দুদকের পরিচালক (প্রসিকিউশন) মোহাম্মদ ইকবাল বাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। জানতে চাইলে ড. শাহদীন মালিক দেশ রূপান্তরকে বলেন, ‘আমি দুদকের কোনো নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তা নই। তবে মক্কেল হিসেবে দুদক আমাকে কিছু কিছু মামলা দেবে। কখন দেবে, কী মামলা দেবে সেটা যখন সময় আসবে তখন জানব।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টে বিচারাধীন দুর্নীতি দমন কমিশনের মামলাগুলো পরিচালনার জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৩৩(৩) ধারা অনুযায়ী আপনাকে (ড. শাহদীন মালিক) অস্থায়ী ভিত্তিতে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়োগের শর্তে বলা হয়েছে, কেস টু কেস ভিত্তিতে পারিশ্রমিক নির্ধারণ হবে, এ নিয়োগ থাকাকালে দুদকের বিরুদ্ধে কোনো মামলা পরিচালনা করা যাবে না, রাজনৈতিক দলের কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়া যাবে না, প্রয়োজনে অনুসন্ধান বা তদন্তকারী কর্মকর্তাকে এজাহার প্রস্তুত ও চার্জশিট দাখিলে সহযোগিতা করতে হবে। এ নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী এবং কমিশন যেকোনো সময় কোনো কারণ ছাড়াই তা বাতিল করতে পারবে বলে দুদকের বিজ্ঞপ্তিতে বলা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত