পিএসজির সঙ্গে আরও এক বছরের চুক্তি বাকি থাকলেও বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন ২৬ বছর বয়সী ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। কোচ লুইস এনরিকে তার ওপর ভরসা রাখছেন না। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে দোন্নারুমা নিজেই জানিয়ে দিয়েছেন যে তিনি নতুন গন্তব্যের সন্ধানে আছেন। ইতালির সংবাদমাধ্যমগুলো অবশ্য বলছে, দোন্নারুমা ও পিএসজির এই বিচ্ছেদ শেষমেশ গড়াতে পারে আদালত অব্দি।
প্যারিসে এমন পরিস্থিতির মধ্যে ইংল্যান্ডের ক্লাবগুলো এবার এই তারকা গোলকিপারকে প্রিমিয়ার লিগে আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির পর ম্যানচেস্টার সিটিও এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে। পাশাপাশি ইতালিয়ান জায়ান্ট ইন্তার মিলানও আছে এ দৌড়ে। তবে ইংলিশ সংবাদমাধ্যম ‘কট অফসাইড’ জানিয়েছে দারুণ এক খবর। দোন্নারুমার ভবিষ্যতের দিকে নজর রাখছে বিশ্বের আরেকটি বড় ক্লাব। আর সেটি হলো রিয়াল মাদ্রিদ।
তবে স্প্যানিশ জায়ান্টরা তাকে আগামী মৌসুমের জন্য নয়, বরং বিনা ট্রান্সফারে নিতে চাইছে এক মৌসুম পর। কেননা পিএসজির সঙ্গে তার চুক্তি ২০২৬ সালের জুনে শেষ হবে। রিয়াল মাদ্রিদের বর্তমান গোলরক্ষক থিবো কোর্তোয়া দুই বছরের জন্য চুক্তি নবায়ন করলেও তার বয়স এখন ৩৩। তাই মাদ্রিদ জায়ান্টরা ভবিষ্যতের জন্য বিকল্প খুঁজছে, আর সেই তালিকায় দোন্নারুমার নামও যুক্ত হয়েছে।
তবে প্রশ্ন থেকে যায় — দোন্নারুমা কি আরেকটি বছর পিএসজিতে বসে কাটাবেন? আগামী বছরের বিশ্বকাপ সামনে রেখে এমন ঝুঁকি নেওয়ার সম্ভাবনা খুবই কম। তাই ধারণা করা হচ্ছে, নিয়মিত খেলার নিশ্চয়তা পেতে তিনি এই গ্রীষ্মেই হয়তো নতুন কোনো ক্লাবে যোগ দেবেন।
উইজডেনের শতাব্দী সেরা ১৫ টেস্ট সিরিজের দুটি বাংলাদেশের
নিজেদের মধ্যে ম্যাচ খেলেই বিশ্বকাপের প্রস্তুতি জ্যোতিদের